কবিতা: বাহেরবালী মডেল স্কুল -হাসান কবীর
-হাসান কবীর
***
ধুসর বালু চৈত্রে খরায় যেন ধুধু মরু,
মাঠ খালি তার ছাদের উপর যত্নে বাড়ে তরু।
দীর্ঘ ন' মাস জলের 'পরে ঠায় দাঁড়িয়ে রয়,
নিচে তাহার জলের স্রোত কুলুকুলু বয়।
ছোট্ট দ্বীপের মতই ভাসে বর্ষায় অথৈ জলে,
ব্যাবিলনের উদ্যান যেন বর্ষা পতন হলে।
বার মাসের ন' মাস এথা আসতে হয় নায়ে,
মাত্র তিন মাস আসা যায় ধুলো মেখে পায়ে।
বিজন মাঠে গড়ে উঠে লোকালয়ের দূরে,
খাম্বার উপর দাঁড়িয়ে কত সুন্দর আহারে।
কিশোরগঞ্জের বাজিতপুরে বাহেরবালী গ্রামে,
সগৌরবে দাঁড়িয়ে আছে মডেল স্কুল নামে।
রাজপ্রসাদের মত ঝলমল করে চাঁদের আলোয়,
সূর্য কিরণে দৃঢ় অটল যেন হিমালয়।
হাওড় মাঝে শূন্য মাঠে সুনসান নীরবতায়,
জ্ঞানের এ প্রদীপ আলো ছড়ায় পরম মমতায় ।
গুঞ্জনহীন কূজন বিহীন মধ্যমাঠে,
জ্ঞানের কুসুম ভাবনাহীন মন দেয় পাঠে ।
এ বাগিচার মালী যারা ঊষা হতেই ছুটে,
সহ্য করে অশেষ ক্লেশ হাসির রেখা ঠোটে;
শত বাঁধা পেরিয়ে করে দুর্যোগ মোকাবেলা,
পাঠদানে মন দেয় এসে কারো নেইতো অবহেলা।
এ বাগানের কুসুম কলিও ঝঞ্ঝা প্লাবন সয়ে,
আহরণ করে জ্ঞানের সুধা বুকে আশা লয়ে।
এ পাঠশালার যত মালী-কুসুম দুর্বার দুর্জয়
দয়ালু প্রভু রহম কর ভুবন করবে জয়॥
***
শুক্রবার॥৫ফেব্রুয়ারি ২১॥কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ॥

কোন মন্তব্য নেই: