তাকে ঘিরেই কাব্য রচি
অভিশপ্ত এ জীবনে আর বাঁচার সাধ নাই,
শুধু তোমার প্রয়োজনেই বেঁচে থাকতে চাই।
ত্যাগ করলাম জগৎ সংসার মায়া মমতা স্নেহ,
রঙিন ঘুড়ি নিয়ে আমার আকাশে উড়ে না আজ কেহ।
ভুলে গেছি আমার মা’র মুখ তার নিঃস্বার্থ
ভালোবাসা,
তার স্নেহের পরশে মন জুড়াবো গিয়ে করি না সে আশা।
বহু আগেই অবহেলায় ভুলেছি পিতার আদর,
কবরে তাহার জড়িয়ে আছে দূর্বাঘাসের চাদর।
বুক চিরে হৃদয় উপহার দিতে পারতাম যাদের,
বাধ্য করলো সেই ভাই-বোনেরা ছেড়ে আসতে তাদের।
জগৎ সংসার যারে অর্ধাঙ্গী বলে সে প্রাণের প্রিয়তমা,
বাঁদরামি তার এত বেশি কিছুতেই করতে পারিনি ক্ষমা।
বন্ধু বান্ধব দূরে সরেছে করেছে আমায় একা,
বসন্তের কোকিলেরা আজ স্বপ্নেও দেয় না দেখা।
আমার আকাশে আজ শুধুই তুমি উদীয়মান রবি,
তোমাকেই শুধু ভুলতে পারছি না আর ভুলেছি সবি।
আমার এ রবি যখন তেজোদীপ্ত হবে জানি না সেদিন হায়,
কতো অভিযোগে অভিযুক্ত হবো তার বিচারের কাঠগড়ায়।
তবুও আমি চাই হোক আমার এই রবির পূর্ণ বিকাশ,
আলোয় তোমার ভুবন আলোকিত হোক মনের অভিলাষ।
এ রবি আমার আদরের তনয়া নাম যে শুচি
সব হারিয়ে আজ তাকে ঘিরেই কাব্য গান রচি।
শনিবার, ৩০ এপ্রিলে ২০১৬, বিকাল,
রামপুরা, ঢাকা

কোন মন্তব্য নেই: