কবিতা: কেমন করে সে প্রেম পাবে?
#কেমন করে সে প্রেম পাবে?
প্রেমে না গড়ে ভুবন কে আছে বল স্বর্গে যাবে,
স্রষ্টা থেকে এলো যে প্রেম আখেরে তায় হারাবে ॥
ক্লেশ না সয়ে তবে কেমন করে সে প্রেম পাবে?
কায়মনে আরাধনায় পোষি যে স্বর্গ বাসনা,
তারও আগে মোহ পয়দা বুঝে শুধু প্রেমিকজনা।
মুহাম্মাদের প্রেমের পাগল হয়ে রাব্বুল আলামীন,
শূন্যের মাঝে প্রেমে গড়ে নিখিল জগত রাত্রি-দিন।
প্রেমের মূল্য বুঝলে স্বর্গ রেখে প্রেমিক হবে॥
ইব্রাহিম প্রেমিক হয়ে পড়ল গলে প্রেম-মালা,
খাঁটি প্রেম ছিল তাইতো পুষ্পকানন অগ্নিচুলা।
ইউসুফের প্রেম-রহস্য জুলেখার ছিল না জানা,
ঐশী মায়ার পরশ লাভে বন্দীশালা হয় ঠিকানা।
প্রেমের মজা পাও যদি-রে উতলা হয়ে যাবে॥
আয়ুব ছিল প্রেম কামিনী সর্বাঙ্গে পোকের খনি,
লোক নিন্দা ভুলল সবই ভুলেনি প্রেমের বাণী।
জগতখ্যাত প্রেমিক যত নবী-ওলী-আহলে দ্বীন,
যাতনা সয়েছে সবে আছে সবার প্রেমের চিন।
প্রেমের পরশ পাও যদি-রে লোকালয় ছেড়ে যাবে॥
প্রেমিক দাবীদার তুমি প্রেম চাও না মধুর ভাণ্ড,
প্রেম কতটা গভীর তোমার মুখ নয় তার স্বাক্ষী কাণ্ড।
মাশুকের প্রেম-স্পর্শ যদি-গো কর কামনা,
কায়মনে কর তবে প্রেমাস্পদের আরাধনা।
মাশুকের পছন্দ হলে পরীক্ষা ভয়ঙ্কর নেবে॥

কোন মন্তব্য নেই: