কবি'র জবানবন্দী

সর্বত্র একই আলোচনা- “কবিতার এখন দুর্দিন, কেউ কবিতা পড়ে না, পড়তে চায় না।” আমি এ মতের সাথে পুরোপুরি এক মত নই। কারণ কবিতা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন শাখা, একই সাথে আকর্ষণীয়ও বটে। কবিতার এখন দূর্দিন বলার কারণ হচ্ছে বাজারে যে বিশাল পরিমাণ কবিতার বই আসছে তা পাঠক গলধঃকরণ করছে না। কেন যে মানুষ কবিতাকে গলধঃকরণ করছে না তা অনুসন্ধান না করেই “কবিতার দূর্দিন” কথাটি উচ্চারণ করা কতটা যুক্তিযুক্ত? প্রমথ চৌধুরী বলেছেন- “কাব্য জগতে যার নাম আনন্দ, তার নামই বেদনা”। বর্তমান সময়ের ক'জন কবি'র কবিতায় এ গুণটি পাওয়া যায়? এই গুণতো নেইই, উপরন্তু এমন সব শব্দ কবিতায় ব্যবহার করা হচ্ছে, যা আবৃত্তি করলে মনে হয় যে, কবিতার নামে শব্দের মেঘ গর্জন, শীলা-বৃষ্টি, ইট- পাটকেল ছোঁড়া হচ্ছে শ্রোতার কর্ণকুহরে। এসব কবিতার অর্থ পাঠক খুঁজে পাওয়া তো দূরের কথা, কবি নিজে খুঁজে পান কি না, এই প্রশ্নের কোন উত্তরও কারো জানা নেই। এই যদি হয় কবিতার অবস্থা, তাহলে কেন পাঠক পয়সা খরচ করে এগুলো কিনবেন আর পাঠ করে জীবনের মূল্যবান সময় নষ্ট করবেন। তবু কবিতার এই ক্লান্তিলগ্নে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “আমার কৈফিয়ত” কবিতার একটি চরণ আমাকে তাড়া করে ফেরে- “অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যারা আছ সুখে।” আমার দ্বারা অমর কবিতা লেখা হবে এমনটি আমি বলতে পারি না। তবে আমি যে সুখে নেই এটি আমি নির্দ্বিধায় স্বীকার করি। তথাপি আমার কলম আমাকে সাহিত্যের প্রাচীন শাখা কবিতার দিগন্তরেখাহীন প্রান্তরে প্রতিনিয়ত টেনে নিয়ে যায়। ফলে কবিতার এই ক্লান্তিলগ্নে আমি কবিতা লেখার দুঃসাহস দেখাতে প্রয়াস পেয়েছি। আত্মকথার সমাপ্তিতে আমি আরবি সাহিত্যিক এজাজ আলী'র “নফহাতুল আরব” গ্রন্থটির ভূমিকার সামান্য অবতারণা করছি- “আমার এই গ্রন্থটি পাঠ করে কেউ যদি নিন্দা করে, আমি ধরে নেবো আমি তার যোগ্য। আর যদি প্রশংসা করে, ধরে নেবো আমার তা প্রাপ্য।" আশা করি গ্রন্থটি পাঠ করে অনুভূতি জানাতে কার্পন্য করবেন না।

তারার ফুল

 


ঘন তিমিরে যখন ডুবে যায় ধরনী,

রাতের পোশাকে দেহ ঢাকা দেয় তখনি।

ঘুম-ঘরে বেহুঁশে পড়ে থাকে যত প্রাণী,

মাটিতে দেহ লুটিয়ে দেয় দূরিতে ক্লান্তি।

ঠিক তখনও জেগে থাকি একাকী,

দূরে বহুদূরে জ্বলে কিছু জোনাকী।

নীরবতা ভঙ্গ করে ঝিঁ ঝিঁ পোকার ডাক,

কর্ণে কভু আঘাত হানে ডাহুকের হাঁক।

চারদিক আঁধারে আবৃত কলরবহীন,

হৃদয় তারে বেজে উঠে বেদনার বীন।

চাঁদটা আজ আমায় দেয় না পাহারা,

গগনে মিটিমিটি জ্বলছে দু’টি তারা।

আকাশ ক্রমে কালো রঙে ঢাকছে,

হৃদয়টা অসহায়ত্বে ভুগছে।

একা, এ বিজন রাতে শুধুই আমি একা,

চারপাশের কোন কিছুই যায় না দেখা।

ভয়ে বুকের ভেতরটা কাঁপছে দুরু দুরু,

দেহটা মোর দাঁড়িয়ে আছে যেন এক তরু।

যখন অসহায় ভয়ে ভাবছি নেই কোন কুল,

তখন দেখি জেগে আছে মোর সাথে তারার ফুল ॥

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.