এ পথেই সেদিন
এই সেই পথ!
এ পথেই সেদিন তুমি আর আমি
দু’জনে এক সাথে হেঁটে
চলে এসেছিলাম হাতে হাত রেখে।
ঘর থেকে বেরিয়ে
আঙ্গিনা বেয়ে
সারা জীবনের চেনা পুকুর ঘাটে
দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ;
ফিরে ফিরে দেখছিলাম
কত না দিন কেটে গেছে আমাদের
এ বাড়ির আঙ্গিনাতেই
তারতো কোন হিসেব নেই।
শৈশবের মধুর স্মৃতি মাখা দিনগুলো
জড়িয়ে আছে এ আঙ্গিনার সঙ্গেই।
এই পুকুরে গোসল করতে এসে
কত যে মেতেছি ডুব খেলায়
তার হিসেব কে ই বা রেখেছে মনে।
পুরোনো কবরস্থানের পাশে
বাঁশ, খেজুর আর তালগাছে ঘেরা
এই মেঠো পথের কথা কি বলবো!
কাঁচা খেজুর কুড়ানোর স্মৃতিতো ভুলার নয়।
তবুও দুজন এই পল্লী ছেড়ে
চলে আসছি দেখে
রোদন করেছে পথের ধুলিকণাও
যারা মেতেছিল তোমার স্নেহের পরশ পেয়ে।
সেদিন কোন কিছুই তোমাকে ধরে
রাখতে পারেনি আপন করে।
তুমি কোন কিছুর তোয়াক্কা না করেই
আমার হাত ধরে চলে এসেছিলে এ পথেই ॥
১৮ এপ্রিল ২০০৬ খ্রি., কালীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।

কোন মন্তব্য নেই: